দুই কোটি টাকার সোনা সহ গ্রেফতার দুই
দি নিউজ লায়ন ; দুই কোটি টাকার সোনা সহ গ্রেফতার দুই। গাড়ির দরজায় স্পেশ্যাল চেম্বারে বানিয়ে সোনা পাচারের ছক দুষ্কৃতীদের। গোপন সূত্রে মেলা খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ছক বাঞ্চাল করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। ধৃতদের নাম বুয়ামায়ুম জাহাঙ্গীর এবং সহিদুর রহমান।
জানা গিয়েছে শুক্রবার রাতে গোপন সূত্রে মেলা খবরের ভিত্তিতে শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি চার চাকা গাড়িকে আটক করে ডিআরআই। মণিপুরের বাসিন্দা দুই যুবককে হাতেনাতে পাকড়াও করে গোয়েন্দা দপ্তরের কর্মীরা। তল্লাশি চালাতেই গাড়ির দরজায় স্পেশ্যাল চেম্বার চোখে পড়ে তাদের। সেই স্পেশ্যাল চেম্বার থেকে ৪ কেজি ৯৮০ গ্রাম বেআইনি সোনা বাজেয়াপ্ত হয়।
৩০টি সোনার বিস্কুট গুলির এক একটির ওজন ১৬৬গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬০ লক্ষ ১০ হাজার ৪০০ টাকা।আদালত সূত্রে জানা গিয়েছে ওই সোনা উত্তরপ্রদেশে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
ইন্দো-মায়ানমারের মোরেহ সীমান্ত হয়ে সোনা নিয়ে মনিপুরে ঢোকে দুষ্কৃতীরা। সেখান থেকে সড়ক পথে শিলিগুড়ি হয়ে উত্তরপ্রদেশে পাচারের পরিকল্পনার মাফিক ছক এঁটে এগোচ্ছিল পাচারকারীরা। তবে ছক ভেস্তে দেয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। ধৃত দুজনকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

Post a Comment